নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে। বাঙালির চিরায়ত ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দকে ধারণ করে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
নববর্ষের সূচনা লগ্নে উপজেলা পরিষদের সামনের ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ, শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক।
অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
একইদিন গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।