গোমস্তাপুরে আবারও সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৯ পিএম
গোমস্তাপুরে আবারও সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারও মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে ওই ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। তেল মজুদ থাকার অপরাধে ওই ফিলিং স্টেশনকে এই অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এর আগে তিনি গত মাসের ২৭ তারিখ একই অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন ওই ফিলিং স্টেশনকে।

আদালত সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুরে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফিলিং স্টেশন অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখতে পান ফিলিং স্টেশনটিতে জ্বালানি বিক্রয় বন্ধ রয়েছে। অথচ স্টোরেজ যাচাই করলে ৩২৬৯ লিটার পেট্রোল মজুদ রয়েছে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক জাকির মুন্সী।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জাকির মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। ফিলিং স্টেশনটিতে ৩২৬৯ লিটার মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে আদায় করা হয়। পরে মজুদকৃত জ্বালানি পেট্রোল বিক্রয় কার্যক্রম শুরু করা হয়। জনস্বার্থে এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে