‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০২:৫০ পিএম
‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’

আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে, তদন্ত প্রতিবেদন পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

সকালে সংসদ অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে। তদন্ত ও সুপারিশ হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রশ্নে শিমুল বিশ্বাস দাবি করেন, আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রশাসনে দলীয়করণ ব্যাপকভাবে হয়েছে। তিনি জানতে চান, এই সময়ে কতজন বিসিএস ক্যাডারকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা ওএসডি করা হয়েছে এবং নিয়োগে অনিয়মের অভিযোগে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না।

জবাবে প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

তিনি বলেন, “বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সরকারি চাকরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরবে বলেও আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে