শ্রীমঙ্গলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরদার মশক নিধন অভিযান

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) :
| আপডেট: ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:২৫ পিএম | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:২৫ পিএম
শ্রীমঙ্গলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরদার মশক নিধন অভিযান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান মশার উপদ্রব এবং আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার  সকালে পৌর শহরের ৮নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে বিশেষ মশকনাশক ঔষধ স্প্রে করা হয়। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, আবাসিক এলাকা এবং মশার প্রজনন উপযোগী স্থানগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ওষুধ প্রয়োগ করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। তিনি জানান, “শহরে সামপ্রতিক সময়ে মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস প্রজাতির মশার বংশবিস্তার দ্রুত ঘটে, যা ডেঙ্গু জ্বরের ঝুঁকি বাড়ায়। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই মশক নিধন কার্যক্রম জোরদার করেছি।”

তিনি আরও বলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনা মতে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না, কারণ পরিষ্কার পানিতেই এডিস মশা বেশি জন্মায়। এ ব্যাপারে তিনি পৌরবাসির সহায়তা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে