ময়মনসিংহের গফরগাঁওয়ে আগামী ২১ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোঃ মশিউর রহমান ও পাগলা থানার এসআই আজহারুল ইসলাম। এছাড়া উপজেলার ১১ টি কেন্দ্রের কেন্দ্র সচিবগণ সভায় অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার এন. এম আব্দুল্লাহ আল মামুন জানান, এবার গফরগাঁও উপজেলায় নকলমুক্ত ও আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।