ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাদনী (৮) ও মাহিনুর (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর মনকোটা গ্রামে এই ঘটনা ঘটে। চাতলপাড় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত দুই শিশু হলো রতনপুর মনকোটা গ্রামের সাস্তু মিয়ার মেয়ে চাদনী আক্তার ও একেই এলাকার আঙ্গুর মিয়ার মেয়ে মাহিনুর । স্বজনরা জানান, দুপুর ৩ টার দিকে বাড়ির পাশ্ববর্তী রতনপুর ফাজিলিয়া দাখিল মাদ্রাসার পাশে পুকুরে শিশু চাদনী ও মাহিনুর গোসল করতে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে রাত সাড়ে আটটার দিকে দুই শিশুর মরদেহ পুকুরে ভেসে উঠে । সংবাদ পেয়ে পরিবারের লোকজন পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।