ঝিনাইদহের শৈলকুপায় রাব্বি হোসেন (২২) নামের এক যুবকের বিষপানে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি শুক্রবার(১৭ এপ্রিল)দুপুরে উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে ঘটে। এলাকাবাসি সুত্রে জানা গেছে নিহত যুবক উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন (আনু) এর ছেলে। তারা পরিবারসহ ভাটই গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন। রাব্বি পেশায় একজন রাজমিস্ত্রীর শ্রমিক ছিলেন। সম্প্রতি তাকে বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে পরিবারে আলোচনা চলছিল। এ নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে শুক্রবার তিনি বাড়িতে বিষপান করেন। পরে অচেতন অবস্থায় স্বজনরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।