দেবহাটা উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ১-০ গোলে দেবহাটা থানা একাদশ উপজেলা প্রশাসন একাদশকে পরাজিত করে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহণ করে দেবহাটা থানা ফুটবল একাদশ। এর আগে গত ২২ সেপ্টেম্বর ৪টি দলের অংশগ্রহণের মাধ্যমে এই খেলার উদ্বোধন করা হয়। নকআউট পর্বে দেবহাটা চেয়ারম্যান একাদশ ও দেবহাটা সাংবাদিক একাদশ খেলায় পরাজিত হয়। ফাইনাল খেলাটি অত্যন্ত চমৎকার ও মনোমুগ্ধকরভাবে উপভোগ করেন বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো দর্শক। খেলার দ্বিতীয়ার্ধে ২৩ মিনিটে দেবহাটা থানার ৪নং জার্সিধারী সোহেল রানার মনোমুগ্ধকর গোলে দেবহাটা থানা ১ গোলে জয়লাভ করে। খেলাটি উপভোগ করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু, দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা রেফারিজ এসোসিয়েশনের সদস্য ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন সহকারী রেফারি তাওসিফ রহমান সাগর ও নাজির হোসেন। ধারাভাষ্যকার হিসেবে যৌথভাবে দায়িত্ব পালন করেন দেবহাটা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার ও চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম।