বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নম্বর মাধবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূলের পরিচিত মুখ ও সাবেক ছাত্রনেতা মাসুদ হোসেন মোল্লা। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় মাসুদ হোসেন মোল্লা বর্তমানে বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাবুগঞ্জ উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এলাকায় সংগঠনের ভিত্তি মজবুত করতে ভূমিকা রেখেছেন। ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দেওয়া এই তরুণ রাজনীতিক এলাকায় মানবিক ও সাধারণ জীবনযাপনের জন্য সুপরিচিত। স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, বিপদে-আপদে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। স্থানীয় সূত্র জানায়, মাসুদ হোসেন মোল্লা নিয়মিতভাবে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং উন্নয়নমূলক নানা উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে। প্রার্থিতা ঘোষণার সময় তিনি বলেন, আমি এই এলাকারই সন্তান। মাধবপাশা ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে চাই। আপনাদের সমর্থন ও দোয়া থাকলে আমি সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করতে পারব। তিনি আরও জানান, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন এবং ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করবেন। এদিকে, তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় ভোটারদের একটি বড় অংশ তাকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, তৃণমূলের সঙ্গে তার সংযোগ এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।