মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান শেখ (৫৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭এপ্রিল) রাত ৮ টার এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর শহরের আম বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার রাজিব হোসেন বলেন, তার দোকানের সামনে দিয়ে মাটি বোঝায় ট্রাক্টর যাচ্ছিল এ সময় বিকট শব্দ শুনতে পাই। ছুটে যেয়ে দেখি সড়কের উপর এক বাইসাইকেল আরোহী পড়ে আছে। ট্রাক্টর দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। এ সময় আমি স্থানীয়দের সহায়তায় তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনায় নিহত শাহাজাহান শেখের পিতার নাম মোকাম শেখ, বাড়ী উপজেলার এলাঙ্গী গ্রামের শেখ পাড়ায়। মৃতের ভাই মাহবুবুর রহমান বলেন, গেল দুই দিন আগে মেয়ের অপারেশন করেছেন কোটচাঁদপুরের একটি ক্লীনিকে। শুক্রবার সন্ধ্যা রাতে সেই মেয়ের জন্য ক্লিনিকে ভাত নিয়ে যাচ্ছিলেন শাহাজাহান শেখ। পথিমধ্যে কোটচাঁদপুর আম বাজার মোড়ে পৌছালে মাটি বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। শাহজাহান শেখ একজন বিদেশ প্রবাসি ছিলেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, দুর্ঘটনার বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে খবর পেয়েছি। এরপর পুলিশ ঘটনাস্থল গেছে। তদন্তের পর বলা সম্ভব হবে কিভাবে ঘটনাটি ঘটেছে। ট্রাক্টর ও চালক পালিয়ে গেছে।