ময়মনসিংহ কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ২

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০১:৫০ পিএম
ময়মনসিংহ কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষে আহত ২

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে । শুক্রবার রাতের এ ঘটনায় শনিবার থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে । সংঘর্ষে আহতরা হলেন- মো. মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। মো. মুয়াজ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী এবং মীর হামিদুর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে জাওয়াদ রুতাপ গ্রুপের কর্মী। পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ গ্রুপের কর্মী মুয়াজ শুক্রবার রাতে মীর হামিদুরের কক্ষে যান। সেখানে বাইকে তেল ভরাকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং হামিদুর ও তার সহযোগীরা মুয়াজকে মারধর করে কক্ষ থেকে বের করে দেন। পরে মীর হামিদুর চা খেতে বাইরে গেলে স্টিলের পাইপ দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে হামিদুরের গ্রুপের সদস্যরা মুয়াজকে ধাওয়া করলে তিনি একটি কক্ষে ঢ়ুকে নিজেকে আটকে রাখেন। এরপর মুয়াজকে উদ্ধার করতে তার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, রাতভর ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর শনিবার সকালে মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামিদুর হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। এই দুইজনের মাথায় আঘাত করা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান খবর পেয়ে নাফিউল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজ কর্তৃপক্ষ জানায়, শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সীদ্ধান্ত মোতাবেক আগামী সাত দিনের জন্য সকল প্রকার ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেক শিক্ষার্থী এখনও হল ত্যাগ করেনি। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা মো. নাজমুল আলম খান জানান,আগামী সাত দিনের জন্য সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। কলেজের পুরো ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে