কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাস্রমে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকাল ১০টায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে এই কার্যক্রমে অংশ নিচ্ছেন স্থানীয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ মানুষ। প্রতি শনিবার একই ধারাবাহিকতায় উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে উপজেলা সংলগ্ন ইকো পার্কের সামনে ভারানি খালে জমে থাকা কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। অভিযানে ব্যবহৃত ব্যানারে “ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অংশীজনদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সম্মিলিত অভিযান”স্লোগান তুলে ধরা হয়। এতে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।