চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা করায় যুবক গ্রেফতার

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম
চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা করায় যুবক গ্রেফতার

পাবনার চাটমোহরে হিন্দু ধর্মকে অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মোঃ আওয়াল হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আওয়াল চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়রে কাটাখালী গ্রামের মহর চাঁদের ছেলে। এ ব্যাপারে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের স্বপন কুমার বিশ্বাসের ছেলে সমীর কুমার বিশ্বাস থানায় একটি মামলা করেছেন। 

অভিযোগে জানা গেছে,অভিযুক্ত আওয়াল হোসেন গত ১৬ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিন্দু সম্প্রদায়ের চৈত্র সংক্রান্তি লগ্ন উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল বোঁথর মহাদেব মন্দির চত্বরে চড়ক পূজায় চড়ক গাছে দুধ ও চিনি দেওয়া নিয়ে ও হিন্দু নারীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেন। হিন্দুদের অভিযোগ আওয়াল হোসেন হিন্দু ধর্মকে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরণের পোস্ট দিয়েছে।  অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পেনাল কোডের ২৯৫ ধারায় মামলা দায়ের করে। রাতেই গ্রেফতার করা হয় আওয়াল হোসেনকে। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।  চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান,মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে