মুলাদীতে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার আসামি ২ ভাই গ্রেপ্তার

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ পিএম
মুলাদীতে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার আসামি ২ ভাই গ্রেপ্তার

বরিশালের মুলাদীতে দুটি হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ ৫ মামলার আসামি কামাল সরদার (৩৬) ও জামাল সরদার (৩০) নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুজন চরকমিশনার গ্রামের মৃত আবুল কালাম ওরফে কলম সরদারের ছেলে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মুলাদী থানা পুলিশ জানায়, কামাল সরদার ও জামাল সরদারের বিরুদ্ধে চরকমিশনার গ্রামের আব্দুর রব হাওলাদার ও মনির হোসেন হাওলাদার হত্যা মামলা রয়েছে। এছাড়া পুলিশের দায়ের করা হিজলা থানায় অস্ত্র ও ডাকাতি মামলা ও চাঁদাবাজী মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে চরকমিশনার গ্রামের একটি মাছের ঘের এলাকা থেকে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৩ সালের ২২ অক্টোবর দিনদুপুরে আব্দুর রব হাওলাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের ছেলে আব্বাস হাওলাদার বাদী হয়ে কামাল সরদার, জামাল সরদারসহ ৩৭জনকে আসামি করে মামলা করেন। ওই বছর ৭ নভেম্বর পার্শ্ববর্তী হিজলা উপজেলার কানাবগীর চরে ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ গ্রেপ্তার হন কামাল ও জামাল। ২০২৪ সালের ৫ আগস্টের পরে সরকার পরিবর্তন হলে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে আদালত থেকে জামিন লাভ করেন তারা। জামিনে বেড়িয়ে কামাল ও জামাল সরদারের এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজী ও লুটপাট চালায়। ওই ঘটনায় একাধিক মামলাও হয়েছে। কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস বলেন, ‘কামাল সরদার ও জামাল সরদার এবং তাদের লোকজন আদালত থেকে জামিনে বেড়িয়ে এলাকার সাধারণ মানুষের ধান, মাছ লুট করে নেয়। এছাড়া মানুষের হাস মুরগী, গভীর নলকূপ খুলে নেওয়াসহ বিভিন্ন অপকর্ম চালায়। এলাকায় সালিশীর নামে মানুষের জমি দখল করে নেন কামাল সরদার। হত্যা মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেয় তারা। এলাকায় চেয়ারম্যান হিসেবে বসবাস করতে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করেন কামাল ও জামাল। চাঁদা দিতে না পারায় তাদের ভয়ে এলাকা ছেড়েছি। তাদের দুই ভাই গ্রেপ্তার হওয়ায় চরকমিশনার, ডিক্রীরচর, হায়াতসার, বাহাদুরপুর গ্রামসহ ৪টি গ্রামের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।’ মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, হত্যাসহ একাধিক মামলার আসামি দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে