বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ এএম
বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আগামী পৌর নির্বাচনে গৌরনদী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেইক আইডির মাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষার্থে শনিবার (১৮ এপ্রিল) গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

সূত্রমতে, বিএনপির রাজনীতিতে গৌরনদীতে একমাত্র কর্মী বান্ধব নেতা বদিউজ্জামান মিন্টুর জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে গত কয়েকদিন থেকে একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে তাকে (বদিউজ্জামান মিন্টু) জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দিচ্ছে। এসব পোস্টে উদ্দেশ্য প্রণোদিতভাবে তার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বদিউজ্জামান মিন্টু গৌরনদীর একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। দলের দুঃসময়ে অসংখ্যবার হামলা, মামলা ও নির্যাতনের পরেও তিনি সবসময় রাজপথে সক্রিয় ছিলেন। সর্বস্তরের জনগণের কাছে তার জনপ্রিয়তায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তারা আরও বলেন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো একটি গুরুত্বর অপরাধ। যারা এসব অপপ্রচারে জড়িত তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য নেতৃবৃন্দরা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, থানায় জিডি দায়েরের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় ভুয়া আইডিগুলোর উৎস খুঁজে বের করে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে