প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার আশ্বাস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। তবে এ প্রকল্পের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কতো বছর বয়সের সাংবাদিকরা এ প্রকল্পের সুবিধা পাবেন তার একটি বয়সসীমা নির্ধারণ করা উচিত। বিগত সরকারগুলোর মন্ত্রীদের গালভরা মিছে আশ্বাসে সাংবাদিকরা কারো কথায় বিশ্বাস রাখতে পারছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি এ বছরই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার আহবান করেছেন। রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের হলরুমে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে আহমেদ আবু জাফর এসব কথা বলেছেন। বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অশোক ধর, সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো. দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।