তেল নিয়ে ‘নাটক’ করেছে সরকার, সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ নাহিদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:০৭ পিএম
তেল নিয়ে ‘নাটক’ করেছে সরকার, সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ নাহিদের

জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে প্রকৃত কোনো সংকট ছিল না, বরং এটি সরকারের পরিকল্পিত সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, সংকটের কথা বলে সরকার ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়েছে, যা পুরোপুরি একটি ‘নাটক’।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, “সরকার একটি নাটক করল। তেল সংকট নেই, এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।” তার অভিযোগ, জনগণের সঙ্গে প্রতারণা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, দেশে কাঠামোগত পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা বর্তমান সরকার নষ্ট করে দিচ্ছে। “শুধু একটি দলের জায়গায় আরেকটি দল এসেছে, কিন্তু কোনো মৌলিক পরিবর্তন হয়নি,” মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাহিদ বলেন, দেশে একটি বৃহত্তর ঐক্য গঠন এখন সময়ের দাবি। বিভিন্ন সংগঠন ও প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত হওয়াই সবচেয়ে কার্যকর পথ।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয়করণের শিকার হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বাড়ছে বলেও দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এনসিপির আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এবি পার্টির নেতাসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ জন সদস্য আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। নেতারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় এবং বৈষম্যহীন সমাজ গড়তে এই ঐক্য প্রয়োজন।

এছাড়া ব্যঙ্গচিত্র তৈরির অভিযোগে একজনকে গ্রেপ্তারের ঘটনাকে বাকস্বাধীনতার পরিপন্থী বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে