চাকরিতে পুনর্বহালের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশায় মানববন্ধন থেকে এই আলটিমেটাম ঘোষণা করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর কোনো নিয়মনীতি অনুসরণ না করেই প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের মতে, এটি ছিল পরিকল্পিত ও অস্বচ্ছ সিদ্ধান্ত। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং পুরো বিষয়টি তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবিও জানান তারা।
একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতিতে মেধার ভিত্তি নিশ্চিত করা এবং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বক্তারা। তারা বলেন, “সুশাসন প্রতিষ্ঠা না হলে ব্যাংক খাতে আস্থা ফিরবে না।”
মানববন্ধনে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা অংশ নেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেকেই তাদের দুর্দশার কথা তুলে ধরেন। একাধিক কর্মী জানান, চাকরি হারানোর পর তারা মানবেতর জীবনযাপন করছেন।
প্রসঙ্গত, এসব ব্যাংকের নিয়ন্ত্রণ একসময় চট্টগ্রামের এস আলম গ্রুপের হাতে ছিল। রাজনৈতিক পরিবর্তনের পর ওই গ্রুপ নিয়ন্ত্রণ হারালে ব্যাংকগুলোতে প্রশাসনিক পরিবর্তন আসে, যার পরপরই ব্যাপকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারানোর অভিযোগ ওঠে।