সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে ইজিবাইকের ধাক্কায় তামান্না সুলতানা (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে ইউনিয়নের ভালুকা চাঁদপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামান্না সুলতানা স্থানীয় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। সে ওই গ্রামের দোনপার এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তামান্না। ভালুকা চাঁদপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ইজিবাইকটি ফেলে রেখে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু অহিদ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তামান্না মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ইজিবাইকটি জব্দ করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।