১২ বছর চলবে দেশের গ্যাস মজুত, সংসদে জানালেন জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:২১ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:২১ পিএম
১২ বছর চলবে দেশের গ্যাস মজুত, সংসদে জানালেন জ্বালানিমন্ত্রী

দেশে বিদ্যমান গ্যাস মজুত দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য তুলে ধরেন।

সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।

তিনি জানান, “নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমান হারে দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর চাহিদা মেটানো সম্ভব হবে।”

গ্যাস অনুসন্ধান কার্যক্রম নিয়েও সংসদে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২৬টি কূপের কাজ সম্পন্ন হয়েছে, বাকিগুলো বিভিন্ন পর্যায়ে রয়েছে।

এছাড়া সিসমিক জরিপ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি সিসমিক ডাটা সংগ্রহ করা হয়েছে এবং তা প্রক্রিয়াকরণ চলছে। একই সঙ্গে বিজিএফসিএলের মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ৩ডি সিসমিক জরিপের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় আরও বিস্তৃত জরিপের পরিকল্পনাও রয়েছে।

বিশ্লেষকদের মতে, বিদ্যমান গ্যাস মজুত দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হলেও দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং বিকল্প জ্বালানি উৎসের দিকে গুরুত্ব বাড়ানো জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে