দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ‘মেরামতের অযোগ্য’ বললেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৩ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৩ পিএম
দুর্নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ‘মেরামতের অযোগ্য’ বললেন প্রতিমন্ত্রী

বিগত সরকারের ভুল পরিকল্পনা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে এবং বর্তমান পরিস্থিতি সাধারণ সংস্কারে ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, এই ব্যবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা “মেরামতের অযোগ্য”, তবে এই চ্যালেঞ্জ নিয়েই কাজ শুরু করেছে বর্তমান সরকার।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে স্বাস্থ্য ও পুষ্টি খাতে সরকারের অগ্রাধিকার ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিচ্ছিন্নভাবে ছোটখাটো সংস্কার বা হাতুড়ির টোকা দিয়ে এই ব্যবস্থাকে পুনর্গঠন করা সম্ভব নয়।” তাঁর মতে, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নীতিগত ভুলের কারণে স্বাস্থ্য খাত আজ গভীর সংকটে পড়েছে। তিনি উল্লেখ করেন, মাঠপর্যায়ে রক্ষণাবেক্ষণের অভাব ও পরিকল্পনার ঘাটতির কারণে হাসপাতালগুলোর সেবাব্যবস্থা ভেঙে পড়েছে।

সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের উদাহরণ তুলে ধরে ড. মুহিত বলেন, “তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে শিশুদের ভেন্টিলেশনের প্রয়োজন হতো না।” তিনি আরও বলেন, টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ ছড়িয়ে পড়লে চিকিৎসকদের করণীয় সীমিত হয়ে যায়, যা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের ব্যর্থতাকেই তুলে ধরে।

স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থাকে একই সঙ্গে চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে দেখছেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, “গণঅভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। আমরা সেই প্রত্যাশার জায়গা থেকেই কাজ করছি।” তিনি জানান, বর্তমান সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ড. মুহিত বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারলে অসংক্রামক রোগের চাপ অনেকটাই কমানো সম্ভব। একই সঙ্গে তিনি দাবি করেন, অতীতের মতো নয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা তৈরি করেছে, যাতে টেকসই পরিবর্তন আনা যায়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।

আপনার জেলার সংবাদ পড়তে