জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত প্রস্তাব সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রাজধানীর বনানীতে রাত ৮টার দিকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে। এতে বিআরটিএ কর্মকর্তাদের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় ভাড়া সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রচলিত নিয়ম অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে এক টাকা বাড়লে ভাড়া এক পয়সা বাড়ে। সেই হিসেবে ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। তবে পরিবহন মালিকরা বলছেন, শুধু জ্বালানির দাম নয়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে। সেগুলোও বিবেচনায় নেওয়া উচিত।
আলোচনায় সিটি ও আন্তজেলা বাসে প্রতি কিলোমিটারে প্রায় ২২ পয়সা ভাড়া বাড়ানোর একটি প্রস্তাবেও একধরনের সমঝোতা হয়েছে বলে জানা গেছে। এতে মহানগর এলাকায় বর্তমান ভাড়া ২ টাকা ৪৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬৭ পয়সা এবং দূরপাল্লায় ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ৩৪ পয়সা করার বিষয়টি উঠে এসেছে। তবে এই প্রস্তাব এখনো অনুমোদিত হয়নি।
বিআরটিএর এক কর্মকর্তা বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন মালিকদের দাবি মিলিয়ে একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। সেটি সোমবার মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।”
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, “জ্বালানির পাশাপাশি অন্যান্য ব্যয়ও বেড়েছে। সেগুলো বিবেচনায় নেওয়ার কথা বলেছি। দ্রুত সিদ্ধান্ত না হলে মাঠপর্যায়ে ভাড়া নিয়ন্ত্রণ করা কঠিন হবে।”
বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে। নতুন প্রস্তাব অনুমোদন পেলে এই হার বাড়বে।