প্রথম জেলা সফরে বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৯:৫৩ এএম
প্রথম জেলা সফরে বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফর শুরু করেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি। দিনভর বিভিন্ন উদ্বোধন, কর্মসূচি ও জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক জেলা সফর হওয়ায় বগুড়াজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। এরপর জেলা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত ভবনের উদ্বোধন এবং সারা দেশে একযোগে ই-বেইলবন্ড কার্যক্রম চালুর উদ্বোধন করবেন তিনি। একই দিনে বগুড়া পৌরভবনে গিয়ে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচনের কর্মসূচিও রয়েছে।

এরপর গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজের পৈতৃক বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধনও করবেন তিনি।

বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দীর্ঘ সময় পর নিজের পৈতৃক এলাকায় প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাজসজ্জা করা হয়েছে, আর জনসভায় বড় সমাগমের লক্ষ্য নিয়ে কাজ করছে স্থানীয় সংগঠনগুলো।

স্থানীয়দের মতে, এই সফর বগুড়ার উন্নয়নে নতুন গতি আনতে পারে। একজন বাসিন্দা বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার আসছেন, আমরা আশা করছি এর মাধ্যমে জেলার উন্নয়নে বড় ঘোষণা আসবে।”

আপনার জেলার সংবাদ পড়তে