১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য

হাম-রুবেলা টিকাদান শুরু, সারা দেশে বিশেষ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৯:৫৮ এএম
হাম-রুবেলা টিকাদান শুরু, সারা দেশে বিশেষ ক্যাম্পেইন

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে সকাল সোয়া ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

হাম রোগের সাম্প্রতিক বিস্তারকে কেন্দ্র করে সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে। গত কয়েক সপ্তাহে দেশজুড়ে হাম আক্রান্তের সংখ্যা বেড়েছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে দ্রুত বড় পরিসরে শিশুদের টিকার আওতায় আনতে জরুরি ভিত্তিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়, যা ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এরপর ১২ এপ্রিল দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশনে কার্যক্রম শুরু হয়, যা ১২ মে পর্যন্ত চলবে। নতুন করে শুরু হওয়া দেশব্যাপী এই ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু অসুস্থ বা জ্বরে ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয়ভাবে উদ্বোধনী কর্মসূচির আয়োজন করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, “হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সময়মতো টিকা না দিলে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে।” তাঁদের মতে, এই কর্মসূচি সফল হলে বড় ধরনের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

আপনার জেলার সংবাদ পড়তে