পেশকারকে শোকজ

কাউখালী ভূমি অফিসে রাজস্ব আত্মসাতের অভিযোগ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ০১:৫২ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০১:৫২ পিএম
কাউখালী ভূমি অফিসে রাজস্ব আত্মসাতের অভিযোগ

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসে ডিসিআর (ডুপ্লিকেট চালান রেজিস্টার) ব্যবহারের মাধ্যমে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ উঠেছে এক পেশকারের বিরুদ্ধে। অভিযুক্ত কর্মচারী আলী আজগরের বিরুদ্ধে ইতোমধ্যে শোকজ নোটিশ জারি করেছে উপজেলা প্রশাসন। 

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে চান্দিনা ভিটির লীজমানি আদায়ের জন্য কয়েকটি ডিসিআর বহি পেশকার আলী আজগরের কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ রয়েছে, তিনি এসব বহির রশিদ ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৩ লাখ ২৯ হাজার ৩০০ টাকা আদায় করলেও তা নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেননি। বরং কোনো প্রকার অনুমোদন বা কর্তৃপক্ষকে অবহিত না করেই টাকা নিজের হেফাজতে রেখে আত্মসাতের চেষ্টা করেছেন। আরও জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তিনি ডিসিআর বহি ব্যবহার অব্যাহত রাখেন, যা সরকারি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এদিকে, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হার অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বিষয়টি প্রশাসনের নজরে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজস্ব আদায় ও জমার হিসাব পর্যালোচনা করতে গিয়ে ডিসিআর বহিতে আদায় ও জমার মধ্যে বড় ধরনের গরমিল দেখতে পান। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে রাজস্ব ফাঁকির আশঙ্কা নিশ্চিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান অভিযুক্ত পেশকারের কাছে ব্যাখ্যা চান। তবে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে ‘কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না’ এ মর্মে শোকজ নোটিশ প্রদান করা হয়।

জানা গেছে, আলী আজগর পূর্বে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। অভিযুক্ত পেশকার আজগর আলী জানান, তিনি সিরিয়াল ভাবে মাস শেষ হলে টাকা জমা দেন। ওই সময় অফিস বন্ধ থাকার কারণে তিনি জমা দিতে পারেনি। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন অনিয়মের বিষয়টি ধরা পড়ায় বিধি অনুযায়ী তাকে নোটিশ প্রদান করা হয়েছে। নোটিসের কোন জবাব এখনো পাওয়া যায়নি। জবাব পাওয়ার পরে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে