গৌরনদীতে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে তানিয়া

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:৪৮ পিএম
গৌরনদীতে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এগিয়ে তানিয়া

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে কে হচ্ছেন আগামী দিনের জনপ্রতিনিধি। এবারের নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সাধারণ ভোটার থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন গৌরনদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তরুণ ও জনবান্ধব নারী নেত্রী তানিয়া মাহমুদ। দীর্ঘদিন থেকে সামাজিক কর্মকান্ড ও রাজনৈতির মাধ্যমে অসহায় মানুষের পাশে থেকে তানিয়া মাহমুদ সাধারণ মানুষের হৃদয়ে আস্থা অর্জন করেছেন। স্থানীয় নারী ভোটারদের মতে, তানিয়া মাহমুদ একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। সকলের বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তাই এবারের নির্বাচনে তাকে নারী ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। নির্বাচনের মাঠের চিত্র বলছে, তানিয়া মাহমুদ ইতোমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামগুলোতে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। উঠান বৈঠক ও কুশল বিনিময়ের মাধ্যমে তিনি নারী অধিকার রক্ষা, বাল্যবিবাহ রোধ এবং নারী উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন। তার এই স্বতঃস্ফূর্ত পদচারণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নিজের প্রার্থীতার বিষয়ে তানিয়া মাহমুদ বলেন, আমি ব্যক্তিগত লাভের আশায় নয়; বরং গৌরনদী উপজেলার অবহেলিত নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের সেবক হওয়া। দল এবং সাধারণ মানুষ পাশে থাকলে আমি এই উপজেলায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হব ইনশাআল্লাহ। উপজেলার অসংখ্য সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা গেছে, তারা এবার এমন একজনকে নির্বাচিত করতে চান যিনি কেবল নির্বাচনের সময় নয়; বরং সারাবছর তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন। সেই বিচারে তানিয়া মাহমুদকে তারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন।

আপনার জেলার সংবাদ পড়তে