আলেম সমাজের সাথে বিএনপি নেতার মতবিনিময়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৪:১৬ পিএম
আলেম সমাজের সাথে বিএনপি নেতার মতবিনিময়

বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, ‎বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবুল হোসেন মিয়া উপজেলার আলেম সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির নেতার টরকী বন্দরের বার্থী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয়, সামাজিক ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সমাজে নৈতিক অবক্ষয়রোধ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আলহাজ আবুল হোসেন মিয়া তার বক্তব্যে বলেন, আলেম সমাজ আমাদের সমাজের পথপ্রদর্শক। তাদের দিকনির্দেশনা ছাড়া একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠণ করা সম্ভব নয়। মতবিনিময় সভার মাধ্যমে আমরা সমাজের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করছি। দ্বীনি শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা এবং সামাজিক অবক্ষয়রোধে আলেম সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুন্দর, নৈতিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারব। সভায় অন্যান্যদের মধ্যে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুল বাতেন, টরকী বন্দর জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল কাইয়ুম হারুনী, বার্থী মাদ্রাসার মোহতামিম মাওলানা আমিনুল ইসলাম, কসবা আল্লাহর মসজিদের ইমাম মুফতি ফয়জুল্লাহ আল ফয়সাল, টরকী বন্দর জামে মসজিদের সাবেক সভাপতি মো. শাহজাহান শরীফ, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হক বাবু মৃধা, বিএনপি নেতা মো. হাকিম, ইকরা মাদ্রাসার শিক্ষক হাফেজ হাবিবুল্লাহসহ আলেম-উলামা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ‎শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে