ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে

ক্ষেতলালে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫২ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫২ পিএম
ক্ষেতলালে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা

ক্ষেতলালে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত "টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা" জয়পুরহাট জেলায় ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ইটাখোলা বাজারে অনুষ্ঠিত এ কর্মশালায় কৃষকদের মাঝে বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, এর উপকারিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, একই সঙ্গে কমানো যায় মানবস্বাস্থ্যের ঝুঁকি। আলহাজ্ব আশরাফ আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মাসউদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ ফেরদৌস আলম। এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক সিডের টেরিটোরি সেলস অফিসার শোভন বারই ও আসাদুজ্জামান খান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং ব্র্যাকের ডিলার মো. ওসমান উজ জোহা আয়োজনটি সমন্বয় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত এলাকার কয়েকজন বীজ এবং বালাইনাশক ব্যবসায়ী (রিটেইলার)। কর্মশালায় প্রায় ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে। অংশগ্রহণকারী কৃষকদের বায়োপেস্টিসাইডের ব্যাবহারিক দিক, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং ফসলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা আরও জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে