রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ১২:৩৫ পিএম
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

মিয়ানমারের অভ্যন্তরে সৃষ্ট ভূ-কম্পনের ফলে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু কম্পন অনুভূত হয়েছে। জানা গেছে, ভারত-মিয়ানমার সীমান্ত অঞ্চলে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাঁরই কম্পনে কেঁপেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল।

আর্থকোয়াক ট্র্যাক-এর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা ২৯ মিনিটে এই ভূমিকম্পটি সংঘটিত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্ত সংলগ্ন একটি অঞ্চল। ভোরবেলায় হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় অনেক ঘুমন্ত মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে ছিল। সাধারণত ভূমিকম্পের কেন্দ্র যত গভীরে হয়, ভূপৃষ্ঠে তার ধ্বংসক্ষমতা বা তীব্রতা ততটা কম অনুভূত হয়। এই গভীরতার কারণেই ৫.১ মাত্রার মাঝারি ভূমিকম্প হওয়া সত্ত্বেও বাংলাদেশে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, শুধুমাত্র কয়েক সেকেন্ডের হালকা কম্পন অনুভূত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে