বাংলাদেশ পুলিশের পোশাকের রং পরিবর্তন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে আবারও নতুন রং নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী, পুলিশের পোশাকে গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বর্তমান ইউনিফর্ম নকশা পুনর্বিবেচনা করে আগের মতো ব্যবহারিক ও গ্রহণযোগ্য রঙে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।এর আগে এক এসআরও অনুযায়ী পুলিশের শার্টের রং গাঢ় ধূসর এবং প্যান্ট গাঢ় নীল থেকে পরিবর্তন করে শার্ট লৌহ রং ও প্যান্ট কফি রং নির্ধারণ করা হয়েছিল। তবে এই পরিবর্তন মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করে। অনেকেই নতুন রঙকে অপ্রায়োগিক ও অস্বস্তিকর বলে মত দেন। বিষয়টি নিয়ে বাহিনীর ভেতরে-বাইরে সমালোচনাও তৈরি হয়।
এই প্রেক্ষাপটেই নতুন করে রং পরিবর্তনের সিদ্ধান্ত আসে। প্রস্তাবিত ব্যবস্থায় মহানগর পুলিশের (মেট্রোপলিটন) শার্ট হবে হালকা অলিভ (জলপাই) রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রং থাকবে টিসি টুইল খাকি।