রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতি ও প্রতিবাদী কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি কর্তৃক প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, রোববার (১৯ এপ্রিল) রাতে ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর এটেনডেন্ট কর্তৃক দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে একজন নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তা এবং মবের শিকার হন। এর পরিপ্রেক্ষিতে Intern Doctor's Society, RMCH এর পক্ষ থেকে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছে। মানববন্ধনে অংশগ্রহণের জন্য সব ইন্টার্ন চিকিৎসককে আহ্বান জানানো হচ্ছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সকালে হাসপাতাল প্রাঙ্গণ মানববন্ধন থেকে ইন্টার্ন চিকিৎসকরা এই ঘটনার বিচারের দাবি করেন।মানববন্ধনে বক্তব্য দেন ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির, ডা. মোহাম্মদ নাসরুল্লাহ শেখ, ডা. আবিরা সুলতানা, ডা. তানিয়া আক্তার ও ডা. মো. শিবলী।
রামেকের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, ২৪ ঘণ্টার কর্মবিরতির মধ্য দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এক দফা এক দাবি সুষ্ঠু কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করা। এছাড়া তারা দুই দিনের হেনস্থার ঘটনায় তিনি বিচার দাবি করেন।
তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সেবা দেওয়া কঠিন হয়ে পড়বে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের মোবাইল ফোনে একাধিক বার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।