নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হামের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (ফোর প্লাস) শিক্ষার্থীরা টিকা গ্রহণ করে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের সব শিশুরা টিকা দিতে পারবে। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত বুথে স্বাস্থ্যকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন। টিকাদান কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষকরা সহযোগিতা করেন এবং অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. শাহজাহান কবীর, সহকারী শিক্ষকবৃন্দ এবং টিকাদান কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এ টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কার্যক্রম চলমান থাকবে।