"কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ " এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে কালবৈশাখি ঝড়ের শঙ্কা ও ধান কাটা শ্রমিক সংকটে নিরুপায় দরিদ্র কৃষকের দুর্দিনে সহায়তা করছে উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু'র নির্দেশনায় নেতাকর্মীরা প্রান্তিক কৃষকদের প্রায় ১০ কাঠা জমির ধান কেটে বাড়ি পোঁছে দেয়।
জানা যায়, গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান এর নেতৃত্বে ৫০ সদস্যের একটি শ্রমিক দল কৃষকদের পাশে দাঁড়িয়ে উপজেলা দত্তেরবাজার ইউনিয়নের দক্ষিণাপাড়া গ্রামের অসহায় গরীব কৃষক খলিল মিয়ার ১০ কাঠা জমির কেটে দেন। এ সময় শ্রমিকদলের ধানকাটা কর্মসূচিতে অংশ নেন পৌরসভা শ্রমিকদলের আহবায়ক পদপ্রার্থী নয়ন শাহ সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সভাপতি/ সম্পাদকগণ। দরিদ্র কৃষক খলিল মিয়া জানান, কালবৈশাখী ঝড় এ কারণে শ্রমিকের অভাব। তাই পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন। এ অবস্থায় শ্রমিকদলের নেতাকর্মীরা এসে আমার জমির পাকা ধান কেটে দিয়েছেন।তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধান কাটা কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক গফুর হাসান বলেন, দুর্যোগ-দুঃসময়ে উপজেলা বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবারও কৃষকরা যখন ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন তখন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে শ্রমিকদল কৃষকের ধান কাটা কর্মসূচি শুরু করেছে। অত্র কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নে নেতৃবৃন্দগণ ধান কাটায় অংশগ্রহণ করছে। তিনি আরও বলেন, এই কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পালন করা হবে। অসহায় কৃষকের মুখে শ্রমিকদল নেতা কর্মীরা হাঁসি ফুটিয়ে তুলছে।