পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এস এস সি ও দাখিল পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে আবার পরীক্ষায় অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও টগরা কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন দাখিল মাদ্রাসার ও স্কুলের পরীক্ষার্থী।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরীক্ষার প্রথম পত্র চলাকালে হঠাৎ করে কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতা অনুভব করে। এ সময় কর্তব্যরত শিক্ষকরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। পরে তাদের জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরম, ক্লান্তি ও শারীরিক দুর্বলতার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি এক শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। অন্য চারজন শিক্ষার্থী চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যসেবা জোরদার করা হবে বলেও তিনি জানান। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।