দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা হলে তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে ওঠে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের সুস্থ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলার মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়াবে এবং তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।