বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গোয়ালদী মুশুরিয়া আবাসন প্রকল্পের ভূমিহীন ১০টি পরিবারের বসত ঘর অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৪ জুন) দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুঁটে যান উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তাৎক্ষণিক কম্বল ও খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেন।
তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসক স্যারকে অবগত করা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে উপজেলা ও জেলা প্রশাসন পাশে থাকবে। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি আহবান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসনের বাসিন্দা রামমোহনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পরে। এতে রামমোহন, সুধীর দাস, অশোক দাস, সাধনা, গোলাপী, মনির হোসেন ও কালাম মোল্লাসহ কয়েকজনের ঘর পুরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের অন্যান্য ঘরগুলো রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ৭০টি ঘরের এই আবাসনের মধ্যে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।