হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০৪:৩৯ পিএম
হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

আবারও হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুদের একজনের বয়স ৮ মাস; তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকায়। অপর শিশুটি সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে গত দুই দিনে সিলেট বিভাগে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো। চলতি মাসে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে সংক্রমণের হার আগের মতোই রয়েছে এবং আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি বলেন, হামের টিকাদান কার্যক্রম অব্যাহত আছে এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আইসোলেশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। কারও মধ্যে হাম বা রুবেলার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা ও ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, হামের উপসর্গের পাশাপাশি শিশু দুজনই অন্যান্য জটিল রোগে ভুগছিল। এর আগে শুক্রবার একই দিনে আরও তিন শিশুর মৃত্যু হয় একই ধরনের উপসর্গ নিয়ে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গে ১৯০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষায় কেউ শনাক্ত না হলেও ৬৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে