পিরোজপুরে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৮টি গাঁজার গাছসহ মাদক সেবনরত দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯ টার দিকে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলো ওই বাসার মালিক সাবেক সেনা সদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে রিফাত ও অন্যজন বাসার ভাড়াটিয়া মো. আল আমিন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানার এসআই রাধা রমন এর নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় সিফাত ও আল আমিনকে গ্রেফতার করে। এসময়ে পুলিশ ওই বাসার পাশে বাগান থেকে ৮টি গাঁজার গাছও উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজার গাছ লাগানোর কথা স্বীকার করে। এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।