খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে কর্মরত সাংবাদিকদের ওপর অর্তকিতভাবে হামলার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। এক বিবৃতিতে বিএমএসএফ'র কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ডের সাধারণ সম্পাদক আলী আজগর ইমন, সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ অন্যান্যরা অনতিবিলম্বে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, একদল দুর্বৃত্ত হঠাৎ করে রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পরে। পূর্বে থেকে খুলনা প্রেসক্লাব নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে এখন টেলিভিশন-এর খুলনার বিশেষ প্রতিনিধি মো. তারিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।