তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে সারা দেশের মতো সাতক্ষীরাতেও শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। এই আয়োজন উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭৫ জন খুদে অ্যাথলেট নিবন্ধিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ব্রিফিংয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ২ মে সারা দেশে একযোগে আটটি ইভেন্টে এই প্রতিযোগিতা শুরু হবে। এর মূল লক্ষ্য হলো তৃণমূলের সুপ্ত প্রতিভাগুলো তুলে এনে তাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে আশাশুনি উপজেলায় (২৫৬ জন)। এছাড়া সাতক্ষীরা পৌরসভায় ২২৬ জন, কলারোয়ায় ২০২ জন, তালায় ১৪৬ জন, দেবহাটায় ১২৫ জন, শ্যামনগরে ১২০ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১০৬ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনের শেষ দিনে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে বড় ভূমিকা রাখবে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে ভবিষ্যতে আরও অনেক জাতীয় মানের খেলোয়াড় উঠে আসবে বলে আমরা আশাবাদী।’ এ সময় তিনি আয়োজনটি সফল করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বক্তারা বলেন, তৃণমূলের ক্রীড়া প্রতিভা বিকাশে এই প্রকল্প একটি মাইলফলক হয়ে থাকবে। আগামী ২ মে দেশব্যাপী এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।