কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান কথিত পীর বাবা কালান্দার আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ১৭ দিন পর দুজনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঞ্চল্য কর ঘটনায় এই প্রথম কোন আসামিকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃতরা হচ্ছে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মন্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান পুলিশের বিশেষ অভিযানে এই দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামের আরেক ব্যক্তিকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঘটনার দিন ধারণ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং পুলিশের তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় বাবা কালান্দার আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। হামলাকারীরা সেখানে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে এবং একপর্যায়ে দরবার প্রধান শামীমকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় জামায়াত শিবির নেতা সহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন।