এবার আরেক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পিএম | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পিএম
এবার আরেক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় থানায় অভিযোগ

মাত্র দুইদিনের ব্যবধানে এবার ফেসবুকের একই ফেক আইডি দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার মামলা ও হামলার শিকার বিএনপি নেতা জাকির হোসেন খলিফার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার শুরু করেছে। এনিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ওই বিএনপি নেতা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন খলিফা বলেন, আসছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নম্বর ওয়ার্ড থেকে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার জন্য এলাকায় বেশ কিছু সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি। এতে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে গত ২৭ এপ্রিল রাতে আমার ছবির সাথে আওয়ামী লীগ নেতাদের ছবি ট্যাম্পারিং করে "ইনকিলাব জিন্দাবাদ" নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন কু-রুচিপূর্ন কথাবার্তা লিখে পোষ্ট করেছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মামলা ও হামলার শিকার হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিলো। এরপরেও একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে ওই ফেক আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিয় দিবাগত রাতে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল চোকদারকে নিয়েও ওই একই আইডি থেকে বিভ্রান্তিমূলক পোষ্ট করা হয়। এঘটনায় ওই বিএনপি নেতা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন,  ওই আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জিডির কপি পাঠানো হয়েছে। আইডি ব্যবহারকারীর পরিচয় শনাক্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।