মোল্লাহাটে সোনালী ব্যাংক পিএলসি'র এটিএম বুথ উদ্বোধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪ পিএম
মোল্লাহাটে সোনালী ব্যাংক পিএলসি'র এটিএম বুথ উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে আধুনিক ব্যাংকিং সেবার নতুন দিগন্ত উন্মোচন করে সোনালী ব্যাংক পিএলসি-এর একটি এটিএম/সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় মোল্লাহাট শাখা ভবনের নিচতলায় সিঁড়ির গোড়ায় স্থাপিত এ অত্যাধুনিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বুথটি উদ্বোধন করেন সোনালী ব্যাংকের বাগেরহাট অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুকুমার রায়। এ সময় তিনি তার বক্তব্যে বলেন,

“ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এখন সময়ের দাবি। এই এটিএম/সিআরএম বুথ চালুর মাধ্যমে মোল্লাহাটের গ্রাহকরা এখন ২৪ ঘণ্টা নগদ উত্তোলনের পাশাপাশি সহজেই টাকা জমা দেওয়ার সুবিধা পাবেন। এতে গ্রাহকদের সময় ও ভোগান্তি দুটোই কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরও আধুনিক সেবা সংযোজনের পরিকল্পনা রয়েছে, যাতে গ্রামীণ পর্যায়েও নগরভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট শাখার ব্যবস্থাপক আ: সবুর হাওলাদার। তিনি তার বক্তব্যে বলেন,

“আমাদের শাখার গ্রাহকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন একটি বুথ, যেখানে শুধু টাকা তোলা নয়, জমাও দেওয়া যাবে। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এই সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের নির্ধারিত সময়ের বাইরে থেকেও নিরাপদ ও দ্রুত সেবা নিতে পারবেন।”

তিনি গ্রাহকদের এই আধুনিক সেবা ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে ব্যাংকের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপিও কল্যাণ আশীষ দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন পিও সুজয় হাওলাদার, সমাজসেবক ইউসুফ আলী খান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন এই বুথে কার্ডের মাধ্যমে দ্রুত নগদ উত্তোলন এবং তাৎক্ষণিক টাকা জমা দেওয়ার সুবিধা থাকায় গ্রাহকদের মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা গেছে। অনেক গ্রাহকই এটিকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে