বরিশালের উজিরপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তাফসির ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানিয়েছেন, মঙ্গলবার (২৮ এপ্রিল) ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় একজন প্রক্সি দিতে গিয়ে ধরা পরে। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্ত তাফসির ইসলাম উপজেলার বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে। জানা গেছে, উজিরপুর উপজেলার ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের চলমান এসএসসি পরীক্ষায় তিনি অন্য এক পরীক্ষার্থীর হয়ে অংশ নেওয়ার চেষ্টা করেন। এ সময় কেন্দ্র কর্তৃপক্ষের সন্দেহ হলে যাচাই-বাছাই করে তার প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয় এবং তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মহেশ্বর মন্ডলের ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ (সংশোধিত ১৯৮৯)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন।