সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এই দুই মামলার একটি করা হয় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং অপরটি ২০২৫ সালের ৩০ জুন। সংশ্লিষ্ট থানা-পুলিশ পরে এই মামলাগুলোতে আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ২০২৫ সালের ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় ২৬ ফেব্রুয়ারি হাইকোর্ট জামিন দিলেও পরে সেগুলোও স্থগিত করা হয়। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় জামিনের আবেদন করা হলে হাইকোর্ট তা মঞ্জুর করেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট এস এম হৃদয়।
এদিকে আইভীর আরও পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে রোববার (৩ মে) আপিল বিভাগের আদেশ দেওয়ার কথা রয়েছে। এতে করে তার আইনগত পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।