দীর্ঘসূত্রতায় থমকে স্বাস্থ্যসেবা

নরসিংদী হাসপাতাল প্রকল্পের অগ্রগতি কোথায়?

এফএনএস | প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২৬, ০৮:২৫ পিএম
নরসিংদী হাসপাতাল প্রকল্পের অগ্রগতি কোথায়?

নরসিংদী জেলা হাসপাতালের শয্যা বৃদ্ধি প্রকল্পের নতুন ভবনটি দীর্ঘ আট বছরেও সম্পূর্ণ না হওয়া আমাদের স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রমের এক বাস্তব চিত্র তুলে ধরে। উন্নয়ন পরিকল্পনা কাগজে-কলমে যতই উচ্চাভিলাষী হোক না কেন, বাস্তবায়নে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতা থাকলে তার সুফল জনগণের কাছে পৌঁছায় না-নরসিংদীর ঘটনাটি তারই উদাহরণ। পত্রপত্রিকায় প্রকাশিত খবরাখবর থেকে জানা গেছে, ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি, যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, একটি হাসপাতাল ভবনের কার্যকারিতা নির্ভর করে শুধু কাঠামো নির্মাণের ওপর নয়; বরং লিফট, বাথরুম, বৈদ্যুতিক ব্যবস্থা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সরঞ্জামসহ পূর্ণাঙ্গ প্রস্তুতির ওপর। এসব মৌলিক উপাদান অনুপস্থিত থাকলে ভবনটি কেবল একটি অসম্পূর্ণ অবকাঠামো হিসেবেই থেকে যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। একদিকে গণপূর্ত বিভাগ ভবন হস্তান্তরের কথা বলছে, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কাজ এখনো সম্পূর্ণ হয়নি। এই দ্বৈত অবস্থান শুধু প্রশাসনিক জটিলতাই নির্দেশ করে না, বরং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দায়বদ্ধতার ঘাটতির দিকেও ইঙ্গিত করে। উদ্বেগের বিষয় হলো, নির্মাণ কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতি ও লজিস্টিক সাপোর্টের ঘাটতিও এখনো রয়ে গেছে। ফলে ভবনটি সম্পন্ন হলেও তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। অথচ বিশেষজ্ঞদের মতে, এই হাসপাতালের সেবা চালু হলে রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর চাপ উল্লেখযোগ্য হারে কমে আসতে পারে। এ ধরনের প্রকল্পে বিলম্ব শুধু আর্থিক ক্ষতিই ডেকে আনে না, বরং মানুষের মৌলিক অধিকার-স্বাস্থ্যসেবা-প্রাপ্তির পথও বাধাগ্রস্ত করে। নরসিংদী ও আশপাশের জেলার মানুষকে এখনো ছোটখাটো চিকিৎসা বা জরুরি সেবার জন্য ঢাকামুখী হতে হচ্ছে, যা সময়, অর্থ এবং ঝুঁকি-সব দিক থেকেই তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে প্রয়োজন দ্রুত, সমন্বিত এবং দায়িত্বশীল উদ্যোগ। প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম সরবরাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করাও সময়ের দাবি। নরসিংদীর এই হাসপাতাল প্রকল্প কেবল একটি জেলার সমস্যা নয়; এটি দেশের উন্নয়ন ব্যবস্থাপনার একটি বড় প্রশ্নের প্রতিচ্ছবি। উন্নয়ন যেন শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থাকে, বরং সময়মতো জনগণের উপকারে আসে-সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।