বাগেরহাটের শরণখোলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, সেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শরণখোলা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপান্তর’ ও ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক সাবেরা ঝর্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন সংস্থা বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী, বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সভাপতি সাহিদা আকতার এবং উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার ও বাগেরহাট জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিরু।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য শিক্ষক নেতা মিজানুর রহমান, প্রচার ও গণমাধ্যম সম্পাদক সাংবাদিক মাহফুজুর রহমান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. জুয়েল হাওলাদার, সাংবাদিক কুলসুম আক্তার পুতুল এবং এনজিও কর্মী ও স্কাউটার নবী হোসেন ফকির।
সভায় বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবা প্রাপ্তিতে ন্যায্যতা বৃদ্ধি, বিশেষত নারী ও কন্যা শিশুদের অধিকার ও সেবা প্রাপ্তির লক্ষ্যে গবেষণা এবং নীতি-নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি করতে হবে। তিনি অংশীজনদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা এবং প্রান্তিক সেবা গ্রহীতাদের অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় নারী, পুরুষ, বৃদ্ধসহ অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়।