মেহেরপুরের গাংনীতে একটি বোমা সদৃশ বস্তু ও রহস্যজনক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চর গোয়াল গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশ থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পেয়ে সন্দেহ হয়।পরে কাছে গিয়ে সেটি বোমা সদৃশ্য বস্তু মনে হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমা সদৃশ বস্তুটি ও একটি চিরকুট উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে চিরকুটে কী লেখা ছিল, তাৎক্ষণিকভাবে তা জানায়নি পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহা: আয়েজ উদ্দিন বলেন, উপজেলা চর গোয়াল গ্রামের মোশাররফের বাড়ির কাছে বোমা সাদৃশ্য বস্তুটি ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যে কেউ রেখে যেতে পারে।পরে সংবাদ পেয়ে প্রশাসন বস্তুটি নিয়ে যায়।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।