হবিগঞ্জে চোরাচালান পণ্য জব্দ, আটক ২

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৭:৪২ পিএম
হবিগঞ্জে চোরাচালান পণ্য জব্দ, আটক ২

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক অভিযানে আনুমানিক ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ২ মে ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জিরাগুলো সুকৌশলে লুকানো ছিল এবং এর কোনো বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকসহ তা জব্দ করা হয়। একই দিনে সকাল ৭টার দিকে তেলিয়াপাড়া বিওপির একটি দল একই এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে। এ সময় গাড়ির ভেতর থেকে ভারতীয় জিরা, ৭৬৮ ক্যান রেড বুল এনার্জি ড্রিংকস এবং গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে  মো. শাহেদ মিয়া (২৫),  এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার  বরখাল গ্রামের  আলমগীরের ছেলে  মো. আশরাফুল (২০)। পরে তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির টহলদল খাশপাড়া এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় ৩টি গরু জব্দ করে। জব্দকৃত জিরা, গরু ও যানবাহন সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবার দমনে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে