একদিনে সুনামগঞ্জে আসছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৭:০৯ পিএম
একদিনে সুনামগঞ্জে আসছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ সফরে আসছেন সরকারের তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা) রাশেদ আল মাহমুদ তিতুমীর পৃথক সফরসূচিতে এসে একই দিনে জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। 

সরকারি সূত্র জানায়, মঙ্গলবার সকালে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা। সেখান থেকে সড়কপথে সুনামগঞ্জে এসে সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

সফরের শুরুতেই জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে বন্যা পরিস্থিতি, কৃষি খাতের ক্ষয়ক্ষতি এবং চলমান ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করবেন তারা। এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত থাকবেন। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সফরসঙ্গীরা জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি সম্পর্কে ধারণা নেবেন।

সফর শেষে বিকাল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জ থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাতের মধ্যে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। জেলা প্রশাসনের এক নোটিশে জানানো হয়েছে, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এই উচ্চপর্যায়ের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, একদিনে একাধিক মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার এই সফরের মাধ্যমে হাওরাঞ্চলের প্রকৃত চিত্র উঠে আসবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত কার্যকর সহায়তা পাবেন।

আপনার জেলার সংবাদ পড়তে